আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫টি আসনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের। এনসিপির এই পদক্ষেপে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি হয়েছে।


\r\n

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় থেকে সারাদেশের ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সিরাজগঞ্জ জেলার চারটি আসনের প্রার্থী হলেন সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মেজর (অব.) মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ।


\r\n

মনজুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন। আসনটি বিলুপ্ত হওয়ার পর ২০০৮ সালে তিনি সিরাজগঞ্জ-৫ আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী হন, কিন্তু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫৫ ভোটে পরাজিত হন।

\r\n

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের দাবিদার ছিলেন মনজুর কাদের। তবে শেষ পর্যন্ত বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দেয়। মনোনয়নবঞ্চিত হলেও মনজুর কাদেরের সমর্থকরা নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন এবং অবশেষে এনসিপি তাকে মনোনয়ন প্রদান করে।

\r\n

মনজুর কাদেরের মনোনয়ন পাওয়ায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক ফেসবুক পোস্টে মনজুর কাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, মাহিন সরকার নিজে সিরাজগঞ্জ-৫ আসনের এনসিপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।