ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের প্রার্থীদের (প্রাথমিক) তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে।
\r\nএছাড়া ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ঢাকা-১৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মায়ের ডাকের সানজিদা তুলি।
\r\nতবে মাগুরা-২ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম নেই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের। ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম এসেছে ফজলুর রহমানের।
\r\nএর আগে দুপুর সাড়ে ১২টা থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়, যা চলে প্রায় পাঁচ ঘণ্টা। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে প্রার্থী চূড়ান্ত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
\r\nআগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
\r\nসংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।





