বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কাজী খাইরুজ্জামান শিপন শেষ মুহূর্তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে শিপন অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদেশি নম্বর ব্যবহার করে তাকে এবং তার কর্মীদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি বলেন, “আমরা সকল কর্তৃপক্ষকে এবং সাংবাদিকদের বিষয়টি জানিয়েছি। আমার নেতাকর্মীদের জীবন নিরাপত্তার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাগেরহাট-৪ আসনে সুষ্ঠু ও সমান প্রতিযোগিতার পরিবেশ নেই।”
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খাইরুজ্জামান শিপন উল্লেখ করেন, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার কারণে তাকে ২১ জানুয়ারি বিএনপি থেকে বহিষ্কার করা হয়। সংবাদ সম্মেলনে তার অনুসারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





