আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে প্রাধান্য দিয়েছে। এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।


প্রথমে এই আসনের জন্য মনোনয়নপ্রার্থী ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) তার কর্মী ও সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন।


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনার পর ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও এই আসনের জন্য কোনো নাম প্রকাশ করা হয়নি। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীরা ধারণা করেছিলেন, আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের জন্য রাখা হতে পারে।


মনোনয়ন না পাওয়ার পরও রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন সভা-সমাবেশে জানিয়েছিলেন, দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।


মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, “ইনশাআল্লাহ, সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহ করব। বড় দল হিসেবে বিএনপি তাদের নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেয়। যেহেতু জমিয়তের সঙ্গে জোট হয়েছে, তাই আসনটি দেওয়া হয়েছে। যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, তবে তারা নেবে, এতে আমার কিছু করার নেই।”


রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২৪ ডিসেম্বর বেলা সোয়া ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি আসন সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসনে অংশ নিতে দিচ্ছে।


সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। তিনি সতর্ক করে বলেন, “দলের সিদ্ধান্ত মানা সবাইকে বাধ্যতামূলক। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

এছাড়া তিনি জানান, জমিয়তের নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ ব্যবহার করে নির্বাচন করবেন।