বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার থেকে শুরু, বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে অংশ নিতে আগ্রহীরা ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বিএনপির মনোনয়ন বোর্ড শুক্রবার বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে।
মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, শুক্রবার ও শনিবার—দুই দিন বিকেল ৩টা থেকে পর্যায়ক্রমে সাক্ষাৎকার নেওয়া হবে।
\r\n\r\n\r\n\r\n\r\n\r\n
শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আর শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।





