চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (২৮ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ পলিনা আকতার স্মৃতির স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, গত ২২ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচনি প্রচারণা চালানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই সময় বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজনের পাশাপাশি নির্বাচনি প্রচারণা চালানো হয়। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে সংরক্ষিত রয়েছে।

এছাড়া নির্বাচনি প্রচারণাকালে বিভিন্ন স্থানে রঙিন পোস্টার সাঁটানোর অভিযোগও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ছবিও কমিটির কাছে রয়েছে বলে নোটিশে জানানো হয়।

নোটিশে আরও বলা হয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালানো রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫-এর ১৫(খ) বিধির পরিপন্থি।

এ অবস্থায় হুমাম কাদের চৌধুরীকে আগামী ২৯ জানুয়ারি রাঙ্গুনিয়ায় অবস্থিত সিনিয়র সিভিল জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে