বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর) শহরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টায় নগরের বিমান চত্ত্বর এলাকায় আয়োজন করা এই কর্মসূচিতে প্রায় ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীন শওকত বক্তব্যে বলেন, “খরার মৌসুমে রাজশাহীসহ অনেক এলাকা মরুভূমির মতো হয়ে যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশে এক কোটি গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ কিছুটা হলেও তাপমাত্রা কম অনুভব করতে পারে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, বোয়ালিয়া পুর্ব থানা সভাপতি আসরাফুল ইসলাম নিপু, বোয়ালিয়া পশ্চিম থানা সভাপতি শামসুল আলম মিলু, রাজপাড়া থানা সভাপতি মিজানুর রহমান মিজান এবং মহানগর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান শরীফ।