ভারতের পশ্চিমবঙ্গের একটি বিএসএফ ক্যাম্পে অগ্নিকাণ্ডে এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাম সিং। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হিঙ্গলগঞ্জ থানার বড় বাঁকড়া এলাকায় অবস্থিত বিএসএফের ৭৭ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পের জ্বালানি সংরক্ষণ কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ভেতরে আটকা পড়ে দগ্ধ হন রাম সিং। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
\r\n\r\n\r\n\r\n
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে পেট্রোল সংরক্ষণ যন্ত্রে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে আগুনের সঠিক কারণ জানতে তদন্ত করছে স্থানীয় পুলিশ।





