ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার না হলে এ হত্যাকাণ্ডে রাষ্ট্রের একটি অংশ জড়িত বলে ধরে নেওয়া হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে শহীদ শরিফ ওসমান হাদির গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম, হল সংসদের ভিপি আজিজুল হকসহ সংশ্লিষ্টরা।
সাদিক কায়েম বলেন, ‘ওসমান হাদি বলে গিয়েছিলেন—জান দেবো, কিন্তু জুলাই দেবো না। তিনি তার কথা রেখেছেন। হামলার ১৬ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, হামলার পাঁচ ঘণ্টার মধ্যেই খুনি ভারতে চলে গেছে। দেশের এত গোয়েন্দা নজরদারি এড়িয়ে সে কীভাবে পালালো? এতদিন পরও সরকার যদি হত্যাকারীদের ধরতে না পারে, তাহলে সন্দেহ তৈরি হয়।’
ডাকসু ভিপি বলেন, ‘বাংলাদেশে আর কোনো দিল্লির তাবেদারি চলবে না, ফ্যাসিবাদের জায়গা হবে না। শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশেই হবে, ইনশাআল্লাহ। যারা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’
ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ওসমান হাদির লড়াই ছিল ইনসাফের লড়াই, জুলাই বিপ্লবকে পূর্ণতা দেওয়ার লড়াই এবং আধিপত্যবাদবিরোধী সংগ্রাম। এই লড়াই দীর্ঘমেয়াদি, আমাদের তা অব্যাহত রাখতে হবে।’





