বহুল আলোচিত বিডিআর হত্যা ও বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে আসামি করার প্রস্তুতির কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি স্পেশাল পিপি বোরহান উদ্দিন বলেন, এ মামলায় জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলে নূর তাপসসহ তৎকালীন মন্ত্রিসভার প্রভাবশালী একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হবে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় ঘোষণা করেন।
রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। পাশাপাশি ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৮৩ জন।
মামলাটি বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।





