আমার সাথে আমার পরিবার মাঠে থাকবে (স্ত্রী, সন্তান, মা-বাবা ও ভাই-বোন)। আমরা এভাবেই উপভোগ করতে চাই। তারপর কী হবে, জানি না।
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই হতে পারে জাতীয় দলের হয়ে ঘরের মাঠে তার শেষ ম্যাচ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) লিগস কাপের ফাইনালে ক্লাব ইন্টার মায়ামিকে তুলার পর এমন মন্তব্য করেন তিনি।
মেসি বলেন, ‘আমার জন্য এটা হবে খুব খুব বিশেষ ম্যাচ। কারণ, বাছাইপর্বে ঘরের মাঠে এটাই শেষ ম্যাচ। জানি না এরপর কোনো প্রীতি ম্যাচ থাকবে কি না। কিন্তু এই ম্যাচটা খুবই বিশেষ।’
তিনি আরো জানান, ‘আমার সাথে আমার পরিবার মাঠে থাকবে (স্ত্রী, সন্তান, মা-বাবা ও ভাই-বোন)। আমরা এভাবেই উপভোগ করতে চাই। তারপর কী হবে, জানি না।’
সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপে অংশ নেবেন মেসি, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। ধারণা করা হচ্ছে, ৩৮ বছর বয়সী এই ফুটবলার ওই বিশ্বকাপেই জাতীয় দলের ক্যারিয়ারে ইতি টানবেন। কারণ, ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০।
আর্জেন্টিনার জাতীয় দলের সূচি অনুযায়ী, ভেনেজুয়েলা ম্যাচের পর তাদের পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে আগামী বছরের মার্চে, স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’। সম্ভাব্য ভেন্যু মেক্সিকো। এখন পর্যন্ত কোনো প্রীতি ম্যাচের আলোচনা না থাকায় ভেনেজুয়েলা ম্যাচকেই ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে মেসির এমন ঘোষণার পর আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘরের মাঠে তার সম্ভাব্য শেষ ম্যাচকে কেন্দ্র করে টিকিটের দাম বাড়িয়েছে। সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ১০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১২,১৫৬ টাকা) এবং সবচেয়ে দামি টিকিটের মূল্য ৫০০ ডলার (প্রায় ৬০,৭৮৪ টাকা) নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।





