সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের দুটি ম্যাচ স্থগিত ঘোষণা করেছিল। পরবর্তীতে এই দুই ম্যাচের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচ এবং রাত ৮টায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ হঠাৎ ম্যাচ স্থগিত হওয়ায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কিছু দর্শকের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু দর্শককে মাঠ থেকে সরাতে হয়। তবে যারা আজকের ম্যাচের টিকিট কিনেছিলেন, তারা একই টিকিট ব্যবহার করে আগামীকাল খেলা উপভোগ করতে পারবেন।
আগের সূচি অনুযায়ী, আজ দুপুর ১টায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ হওয়ার কথা ছিল। এখন এটি হবে বুধবার বিকেল ৩টায়। এছাড়া আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ, যা এখন হবে বুধবার রাত ৮টায়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার কোনো ম্যাচ ছিল না। নতুন সূচির কারণে সিলেট পর্বে তিন দিনে ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত নেত্রীর স্মৃতিতে সম্মান জানাতে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ স্থগিত করা হয়েছিল।
উল্লেখ্য, ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। গত রাতে তাঁর অবস্থা সংকটজনক ছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। এরপর মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।





