টালিপাড়ার সবচেয়ে চর্চিত ও ‘লাভি-ডাভি’ জুটিগুলোর মধ্যে সৌরভ দাস ও দর্শনা বণিকের নাম বরাবরই উপরের দিকে। বিয়ের বয়স প্রায় দুই বছর ছুঁতে চললেও, সময়ের সঙ্গে একে অপরের প্রতি ভালোবাসা কমার বদলে যেন আরও গভীর হয়েছে এই তারকা দম্পতির। ক্যামেরার সামনে হোক বা আড়ালে-হাসি, চোখের ভাষা আর নিঃশব্দ যত্নেই স্পষ্ট তাঁদের সম্পর্কের উষ্ণতা।

সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা বাস্তবের কোনও অনুষ্ঠানে-এক ফ্রেমে সৌরভ-দর্শনাকে দেখলেই বোঝা যায়, কেন তাঁদের টালিপাড়ার অন্যতম রোমান্টিক জুটি বলা হয়। সেই কারণেই হঠাৎ তাঁদের অনুপস্থিতি নজরে পড়তেই অনুরাগীদের মনে প্রশ্ন-কোথায় হারালেন সৌরভ-দর্শনা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর কলকাতার এক বিলাসবহুল ভেন্যুতে চার হাত এক হয়েছিল সৌরভ ও দর্শনার। সেই বিশেষ দিনের দ্বিতীয় বর্ষপূর্তি একেবারে দোরগোড়ায়। আর সেই উপলক্ষেই শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে একান্তে সময় কাটাতে উড়ে গিয়েছেন এই তারকা দম্পতি। এবছর নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী ইন্দোনেশিয়াতেই উদ্‌যাপন করার পরিকল্পনা করেছেন সৌরভ-দর্শনা।

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে একগুচ্ছ রোমান্টিক ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। নীল সমুদ্র, খোলা আকাশ আর ছুটির আমেজে মোড়া সেই ছবিগুলি মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগীদের। ছবির ক্যাপশনে সৌরভ-দর্শনা লিখেছেন, ‘ওয়ার্ক, ট্র্যাভেল, সেভ, রিপিট’-যার মধ্যেই যেন লুকিয়ে রয়েছে তাঁদের জীবনদর্শন। কাজের প্রতি দায়বদ্ধতা, তার ফাঁকে ভ্রমণ আর নিজেদের জন্য সময়-এই ছন্দেই চলে তাঁদের দিনযাপন।

কলকাতায় থাকলে বেশিরভাগ সময়ই কাজ নিয়ে ব্যস্ত থাকেন সৌরভ ও দর্শনা। শুটিং, প্রোমোশন আর নানা পেশাদারি দায়িত্বের মাঝেই সময় কেটে যায় তাঁদের। তবে সুযোগ পেলেই শহরের বাইরে বা দেশের বাইরে ছুটি কাটাতে যান এই জুটি। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও তার ব্যতিক্রম হলো না।

বিদেশের সমুদ্রতটে একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে সৌরভ-দর্শনাকে, আর সেই ছবি দেখেই অনুরাগীদের একাংশ বলছেন-ব্যস্ততার মাঝেও সম্পর্কের যত্ন নিতে জানেন বলেই আজও এতটা ‘পারফেক্ট কাপল’ তাঁরা।