জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মুখ ও চোয়ালের একটি বিরল টিউমারে আক্রান্ত হয়েছেন, যার নাম অ্যামেলোব্লাস্টোমা।
অপারেশনের ঠিক আগ মুহূর্তে, মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগময় পোস্টের মাধ্যমে অসুস্থতার খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
পোস্টে স্পর্শিয়া লেখেন,
“আমি অ্যামেলোব্লাস্টোমা রোগে আক্রান্ত এবং গত কয়েকদিন ধরে অপারেশনের আগে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। আজ আমার অপারেশন হওয়ার কথা। আপনারা বুঝতেই পারছেন, এই অবস্থায় আমার পক্ষে কারও সঙ্গে যোগাযোগ রাখা বা ফোন ধরা সম্ভব নয়।”
কাজের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি দুঃখ প্রকাশ করে বলেন,
“কাজ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে দয়া করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা রেখে যান। জ্ঞান ফিরে পেলে এবং শারীরিকভাবে একটু ভালো বোধ করলেই আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব।”
পোস্টের শেষাংশে তিনি সবাইকে নিজের সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করেন।
“আমি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আমার সফল অপারেশন ও দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন।” – লেখেন স্পর্শিয়া।
অর্চিতা স্পর্শিয়ার এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার সুস্থতা কামনায় সামাজিক মাধ্যমে প্রার্থনা জানাচ্ছেন।





