ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

আজ রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় ফুলবাড়ী ও বিরামপুর উপজেলায় অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি২ এর সন্নিকটে বিরামপুর পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর  মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিরামপুর থানা সুত্রে জানা যায়, ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার চন্ডিপুর নামক স্থানে পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকা অভিমুখী হেরিটেজ ট্রাভেলসের স্লিপার বাস দিনাজপুর-গোবিন্দগঞ্জ  মহাসড়কের উপর নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে ধাক্কা দিলে  এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত যাত্রীদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়ছে। এদের মধ্যে ছয়জন অবস্থা গুরুতর।

 বিরামপুর থানা পুলিশ থেকে জানা যায়, বাসটির অপর ১৮ যাত্রী সুস্থ আছে। ফুলবাড়ী ও বিরামপুর ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করে। বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে আইনশৃঙ্খলা ও যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে।