বিরোধীদল ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে বৃহস্পতিবার সংসদ থেকে ওয়াকআউট করেছে। সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদল এর তৃতীয় ওয়াকআউট। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠকের সভাপতিত্ব করছিলেন।


ওয়াকআউটের আগে ডা. শফিকুর রহমান বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এজন্য আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।”


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ওয়াকআউটের পর ফ্লোরে বলেন, “আইন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং ও থার্ড রিডিংয়ে বিরোধী দলের সদস্যরা অংশগ্রহণ করেছেন। সকল প্রক্রিয়ায় অংশগ্রহণের পর ওয়াকআউটের কোনো মানে আছে কি না দেখার জন্যই আমি বলছি। আশা করি, মাগরিবের নামাজের পর আবারও অংশগ্রহণ করবেন।”


বৃহস্পতিবার সংসদে পাস হওয়া বিলগুলোর মধ্যে ছিল:


জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল

সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল

জেলা পরিষদ বিল

পৌরসভা বিল


বিরোধীদল তাদের আপত্তি সত্ত্বেও কণ্ঠভোটে সব বিল পাস হয়ে যায়।