চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে বড় ধাক্কা খেল ব্রাজিল। রামন মেনেজেসের নেতৃত্বে দলটি তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। পাঁচবারের সাবেক চ্যাম্পিয়ন এই দলটির জন্য এটি ইতিহাসের এক লজ্জাজনক ফলাফল।
১৯৭৭ সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ হিসেবে শুরু হওয়া এই টুর্নামেন্টে ব্রাজিল এবার ২০তমবারের মতো অংশ নিয়েছে। আগের ১৯ আসরে তারা পাঁচবার চ্যাম্পিয়ন ও চারবার রানার্সআপ হয়েছিল। এর আগে সবচেয়ে খারাপ ফলাফল এসেছিল ২০০৭ সালে, যখন দলটি দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়। এবার সেটিকেও ছাড়িয়ে গ্রুপ পর্বেই চতুর্থ হয়ে বিদায় নিতে হলো সেলেসাওদের।
গ্রুপের প্রথম ম্যাচে ব্রাজিল মেক্সিকোর সঙ্গে ২-২ ড্র করেছে এবং মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হেরেছে। সান্তিয়াগোতে শনিবার (৪ অক্টোবর) স্পেনের সঙ্গে ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’—জয় ছাড়া পরের রাউন্ডে ওঠার সুযোগ নেই। ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর একমাত্র গোলে স্পেন এগিয়ে যায় এবং সেই গোলেই ম্যাচ শেষ হয়। যদিও স্পেন জিতেছে, তাদেরও পরের রাউন্ডে উঠা এখনও নিশ্চিত নয়।
২৪ দলীয় এই আসরে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা চার তৃতীয় স্থানধারী দল পরের রাউন্ডে খেলবে। মরক্কো ও মেক্সিকো যথাক্রমে ৬ ও ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে ওঠেছে। ফলে গ্রুপ পর্বেই বিদায় নিল ব্রাজিল।
অন্যদিকে, ‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা কিউবাকে ৩-১ ও অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারানোর পর গতকাল রাতে ইতালিকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হিসেবে পরের রাউন্ডে ওঠেছে।





