ব্রাজিল ও সান্তোসের ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাসের চিকিৎসায় তার আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকই এই অস্ত্রোপচারটি পরিচালনা করেছেন। এর আগে একই চিকিৎসক নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালে হওয়া ভয়াবহ অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার অস্ত্রোপচারও করেছিলেন।
৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড পুরো মৌসুমজুড়েই হাঁটুর ব্যথা নিয়ে খেলেছেন। চোটের মধ্যেও তার অবদানেই ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন এড়াতে সক্ষম হয় সান্তোস। মৌসুমের শেষ চার ম্যাচে তীব্র যন্ত্রণা নিয়েও পাঁচটি গোল করে দলকে বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার।
এই অস্ত্রোপচারের পর ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে ফেরার সম্ভাবনা দেখছেন নেইমার ও দলের কোচিং স্টাফ। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হলেও চোটের কারণে দুই বছরের বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে রয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। এর আগে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে দেড় বছরের বেশি সময়ে চোটের কারণে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি।
নেইমারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত। নতুন চুক্তি নিয়ে তারকার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ক্লাবটি।





