বিসিবির আসন্ন নির্বাচন ঘিরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দেওয়া অভিযোগের জবাবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, একটি পক্ষ তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং নির্বাচনে সুবিধা আদায় করার চেষ্টা করছে।

গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম অভিযোগ করেন, সরকারের উচ্চপর্যায় থেকে বিসিবির নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। যদিও সরাসরি নাম বলেননি, তবে তাঁর ইঙ্গিত ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকেই।

পরে যমুনা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা এই অভিযোগ নাকচ করে বলেন, \"সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছে না। বরং তামিম ইকবালকে সামনে রেখে একটি চক্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।\"

তিনি আরও অভিযোগ করেন, তামিমের পক্ষে থাকা ব্যক্তিরা কাউন্সিলরদের হুমকি দিচ্ছে, অপহরণের মতো ঘটনাও ঘটেছে। এমনকি সাবেক অধিনায়ক ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুলকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

\"তামিম ভাইয়ের ব্যানার ব্যবহার করে কিছু মানুষ ক্লাব কাউন্সিলরদের দখলে নিচ্ছে, হুমকি দিচ্ছে। এসব কার্যক্রম সন্ত্রাসের শামিল,\" 

তিনি আরও জানান, সরকারি দপ্তরের নিয়মিত কার্যক্রমকে কেউ কেউ ‘হস্তক্ষেপ’ হিসেবে ব্যাখ্যা করছেন, যা সঠিক নয়। \"সরকারের এখতিয়ার অনুযায়ী সচিব বা আমি যেকোনো সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে পারি,\"

তবে উল্টো অভিযোগ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, কিছু রাজনৈতিক নেতার পক্ষ থেকেও ডিসিদের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, যা প্রকৃত অর্থে রাজনৈতিক হস্তক্ষেপ।

সবশেষে আসিফ মাহমুদ জানান, তামিম তাঁর প্রিয় ক্রিকেটার হলেও একজন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন না করে ‘ভক্তদের প্রতিনিধি’ হিসেবে অংশ নিলে তিনি বেশি খুশি হতেন। তিনি নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হোক, সেটাই চান বলে উল্লেখ করেন।