আসন্ন বিসিবির নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিন মাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। শুরুতে দীর্ঘ সময় বোর্ডে থাকার পরিকল্পনা ছিল না তার। তবে অবস্থান বদলেছেন তিনি। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

\r\n

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল জানান, দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চান তিনি। এ সময় তিনি বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। এখানে সভাপতি নয়, পরিচালকদের নির্বাচন হয়। সেখানেই অংশ নেওয়াই প্রথম লক্ষ্য।”

\r\n

আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

\r\n

বিসিবিতে আসার আগে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) কাজ করেছেন বুলবুল। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই দেশের ক্রিকেটে যুক্ত হন তিনি। যদিও দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তী সময়ের জন্য এবং একাধিকবারই জানিয়েছিলেন, স্বল্প সময়ের জন্য বোর্ডে এসেছেন।

\r\n

তবে গত কয়েক মাস কাজ করার পর তার মনোভাব বদলেছে। এর আগে একাধিকবার তিনি ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে। ২৮ আগস্ট এক বক্তব্যে বলেন, “আমি হঠাৎ করে এখানে এসেছি একটি দায়িত্ব নিয়ে। আমার স্থায়ী কাজ ছিল আইসিসিতে। দেশের জন্য সব ছেড়ে এসেছি। যতদিন সম্ভব এ কাজ চালিয়ে যাব, তবে পরবর্তীতে তা আর আমার হাতে নেই।”