মহান আলেমদের ধারাবাহিকতায় হাদীস মুখস্তের প্রথা বর্তমানে কমে এসেছে। ঠিক এমন সময় দুই মাদরাসাছাত্র বুখারী শরীফ মুখস্ত করে বিরল কীর্তি সৃষ্টি করেছেন।
বুখারী শরীফ মুখস্তকারী এই দুই ছাত্র হলেন— ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোহাম্মদ মাসউদুর রহমান ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাসনাইন সারওয়ার। তারা দুজনেই নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পার্শ্ববর্তী বাগমুছা এলাকায় অবস্থিত আল মারকাজুল ইসলামী মাদরাসায় অধ্যয়নরত। মাসউদুর রহমান ‘হিফজুল হাদীস’ বিভাগে, আর হাসনাইন ‘উলুমুল হাদীস’ বিভাগে পড়াশোনা করেছেন।
মাসউদুর রহমান মাত্র ৮ মাস ৯ দিনে এবং হাসনাইন ৮ মাস ৭ দিনে বুখারী শরীফ হিফজ সম্পন্ন করেছেন। মাসউদুর রহমান নয়া দিগন্তকে বলেন, শৈশবে নুরানীতে পড়ার সময় ৪০টি হাদীস মুখস্ত করেছিলেন, যা তার হৃদয়ে হাদীসের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে। পরে শিক্ষক ও মুহাদ্দিসদের উৎসাহে তিনি বুখারী শরীফ হিফজের সংকল্প গ্রহণ করেন এবং সফল হন।
দুই ছাত্রই বলেন, তারা হাদীসের খেদমতে নিজেদের জীবন উৎসর্গ করতে চান। তাদের লক্ষ্য মানুষের হেদায়েত ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। মাসউদুর রহমান জানান, আগ্রহ থাকলে হাদীস মুখস্ত করা কঠিন নয়, বরং সহজ মনে হয়।
এই কীর্তি প্রমাণ করে যে, বর্তমান প্রজন্মের ছাত্ররাও হাদীস মুখস্তে আগ্রহী এবং ধর্মীয় শিক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন





