‘শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। শুটিং শেষের পর কাজের অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সজল। সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক, যিনি পুরো কাজটি করেছেন অত্যন্ত যত্ন ও পরিকল্পনার সঙ্গে।

সজল জানান, শেরপুর সীমান্তবর্তী এলাকার একটি গ্রামে সিনেমাটির শুটিং হয়েছে এবং সম্প্রতি শেষ লটের কাজ শেষ করেছেন তারা। পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্র নির্মাণ ও দৃশ্যায়নে কোনো ছাড় দেননি বলেও উল্লেখ করেন তিনি।

সহ-অভিনেত্রী শবনম বুবলী সম্পর্কে সজলের মন্তব্য ছিল ইতিবাচক। তার ভাষায়, বুবলী ভীষণ সিনসিয়ার এবং কাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। প্রথমবার একসঙ্গে কাজ করলেও বোঝাপড়ায় কোনো সমস্যা হয়নি। পর্দার রসায়ন ও কাজের পরিবেশ ছিল স্বচ্ছন্দ।

এরই মধ্যে নতুন সিনেমা ‘দুর্বার’-এর প্রস্তুতি নিচ্ছেন সজল। চলতি মাসের মাঝামাঝিতে ছবিটির শুটিং শুরু হবে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো তার বিপরীতে থাকছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ।

অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেন সজল। তিনি জানান, চুক্তির পরই দুজন রিহার্সাল শুরু করেছেন। তার মতে, অপু বিশ্বাস অত্যন্ত আন্তরিক, সংলাপ ডেলিভারি সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে এবং সহ-অভিনেতা হিসেবে তিনি খুব সহযোগিতাপরায়ণ। দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চরিত্র নির্মাণে সবসময় সাহায্য করেন বলেও জানান তিনি।

সজল আরও বলেন, ‘দুর্বার’ সিনেমার শুটিং দিয়েই তার এ বছরের কাজ শেষ হবে। পাশাপাশি তিনি আরও তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেগুলোর কাজ ধাপে ধাপে শুরু হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সজল জানান, তিনি তাড়াহুড়ো করে কাজ করতে চান না। তার লক্ষ্য, ভিন্নধর্মী চরিত্র ও নতুন গল্পে অভিনয় করা। তার আশা, ২০২৬ সাল হবে তার জন্য সিনেমাকেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ বছর, যেখানে ভালো কাজ দিয়েই দর্শকের সামনে থাকতে চান তিনি।