হঠাৎ বৃষ্টি আর আপনি ভিজে গেলেন—চেনা দৃশ্য। তবে বৃষ্টিতে ভেজা মানেই কি শুধু একটুখানি রোমান্টিকতা? নাকি এর সঙ্গে লুকিয়ে আছে কিছু স্বাস্থ্যঝুঁকি?

বর্ষাকালে অনেকেই সাধারণ সর্দি-কাশি থেকে শুরু করে ইনফ্লুয়েঞ্জায় ভোগেন। এমনকি কেউ কেউ বৃষ্টিতে না ভিজেও মেঘলা আবহাওয়ায় জ্বরে আক্রান্ত হন। বিশেষ করে শিশুদের জন্য এ সময়টা হয়ে ওঠে আরও বিপজ্জনক।

 বৃষ্টিতে ভিজে জ্বর কেন হয়?

বৃষ্টির পানিতে ভিজে শরীর ঠান্ডা হয়ে গেলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে। এর ফলে শরীরে সর্দি, কাশি ও হালকা থেকে তীব্র জ্বর দেখা দিতে পারে। আবার বৃষ্টির জমা পানিতে জন্মায় মশা, যার কারণে বাড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া-র মতো রোগের প্রকোপ।

যেসব অসুস্থতা দেখা দিতে পারে:

সাধারণ ভাইরাসজনিত জ্বর, ইনফ্লুয়েঞ্জা, শ্বাসনালির সংক্রমণ (ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া), টাইফয়েড ও পেটের ইনফেকশন, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, লেপ্টোস্পাইরোসিস।

ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ:

হঠাৎ জ্বর আসা, মাথা ব্যথা, শরীর ও অস্থিসন্ধিতে ব্যথা, চোখ দিয়ে পানি পড়া, ক্লান্তি।
সাধারণত এসব জ্বর ৫–৬ দিনের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু জ্বর ৩–৪ দিনেও না কমলে, কিংবা নতুন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি

৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে উচ্চমাত্রার জ্বর খিঁচুনির ঝুঁকি বাড়ায়। এজন্য তাদের জ্বর শুরু হলেই পর্যাপ্ত তরল, সুষম খাবার ও বিশ্রামের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ দিন।