জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বর মাসে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত রাজনৈতিক দলগুলো। এই আন্দোলনে জামায়াতসহ মোট আটটি দল অংশগ্রহণ করছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তারা নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেবে।


বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং ৩ নভেম্বর শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর নেতারা, যার মধ্যে ছিলেন—জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।