বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘আগামীর ব্যাংক নির্মাণে আজকের অঙ্গীকার’ শ্লোগানে ১৭ ও ১৮ জানুয়ারি কক্সবাজারের একটি অভিজাত হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় তিনি ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৌশলগত দিকনির্দেশনা দেন। আধুনিক প্রযুক্তি নির্ভর গ্রাহকসেবা, বড় ধরনের বিনিয়োগ, এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। তিনি ২০২৫ সালের ব্যবসায়িক সাফল্য তুলে ধরেন, যা মূলধনের পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, শক্তিশালী কর্পোরেট সুশাসন এবং মজবুত আর্থিক ভিত্তি দ্বারা সমৃদ্ধ। এছাড়া তিনি ২০২৬ সালের ব্যবসার নতুন সম্ভাবনা ও ভবিষ্যতমুখী কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান এবং দেশের সব শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। ২০২৫ সালের ব্যবসায়িক সাফল্য ও লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভাগগুলোকে পুরস্কৃত করা হয়।





