দুর্নীতির মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন—বেসিক ব্যাংকের সাবেক এমডি ও সিইও কাজী ফখরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান, উপব্যবস্থাপক পরিচালক ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শাহ আলম ভূইয়া, সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, শুভাশিষ বোস, নিলুফার আহমেদ, কাজী আক্তার হোসাইন, আনোয়ারুল ইসলাম, গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক শিপার আহমেদ, তাহমিনা ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান, চেয়ারম্যান কামাল জামান মোল্লা, পরিচালক কাজী রিজওয়ানা মোমিনুল হক এবং চিফ সার্ভেয়ার জসিম উদ্দিন চৌধুরী।
আদালতের সহকারী রিয়াজ হোসেন জানান, তদন্ত কর্মকর্তা কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, ইয়াসির আহমেদ খান, কামাল জামান মোল্লা, কাজী রিজওয়ান মোমিনুল হক, শিপার আহমেদ, কাজী ফখরুল ইসলাম, ফজলুস সোবহান, কোরবান আলী, জসিম উদ্দিন চৌধুরী ও শাহ আলম ভূইয়া ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বিদেশ যেতে পারবে না।
৬০ দিনের পূর্ববর্তী নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় কাজী রিজওয়ান মোমিনুল হক গমনরোধ প্রত্যাহারের আবেদন করেছেন।
আবেদনে আরও বলা হয়, আসামিরা গুলশান শাখা থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ২০২৩ সালের ১২ জুন অভিযোগপত্র দাখিল হয়। বর্তমানে মামলার অধিকতর তদন্ত চলছে। দুদক জানায়, আসামিরা যদি বিদেশে পালিয়ে যান, তদন্তে বাধা সৃষ্টি হবে। তাই তাদের দেশত্যাগ রোধ করা প্রয়োজন।





