দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে বর্তমান রিজার্ভ দাঁড়ায় ২৭.৮২ বিলিয়ন ডলার। তুলনায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মুদ্রার রিজার্ভ ছিল ৩২.১২ বিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ অনুযায়ী ২৭.৪৫ বিলিয়ন ডলার।
এর আগে ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ ৩১.১৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৬.৪৪ বিলিয়ন ডলার ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মে-জুন মেয়াদের আমদানি ব্যয়ের বিপরীতে বাংলাদেশ জুলাইয়ে আকুকে ১.৯৬ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল, যা তখন পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের বিল ছিল।
এরপর ২০২৩ সালে দ্বিমাসিক আকুর বিল কমে ১.৩ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে এটি আবার বৃদ্ধি পেতে শুরু করে। চলতি বছরের মে-জুনে বিলের পরিমাণ পৌঁছে প্রায় ২ বিলিয়ন ডলারে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।





