বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবের আমেজে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ঢাকার বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনে তিনি সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন।


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকার রাস্তায় উৎসবমুখর পরিবেশে তাকে দেখা যায়। এ সময় তিনি গাঢ় লাল রঙের পাঞ্জাবি পরে বৈশাখের উদযাপনে অংশ নেন। পরে নিজের অংশগ্রহণের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন তিনি।


ঢাকায় পহেলা বৈশাখের গান, নাচ ও রঙিন আয়োজনের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, “ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ। চারদিকে ছড়িয়ে থাকা আনন্দ ও ইতিবাচকতা সত্যিই ভুলবার নয়।”



উৎসবের অংশ হিসেবে তাকে একটি আর্ট ক্যানভাসে ছবি আঁকতেও দেখা যায়। ক্যানভাসে লেখা ছিল ‘সবাই ছবি আঁকতে এসো’। সেখানে তিনি একটি সূর্যের ছবি এঁকে অংশগ্রহণ করেন।


এছাড়া বারিধারা সোসাইটি আয়োজিত নববর্ষের ফটোবুথে ছবি তোলেন তিনি এবং রাস্তার ধারের দোকান থেকে জনপ্রিয় খাবার ফুচকা ও চটপটি উপভোগ করেন। উৎসবে অংশ নেওয়া সাধারণ মানুষের সঙ্গেও তাকে দেখা যায়।



শেষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের জনগণকে সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা জানান।

তার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।