বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া প্রায় চার শতাধিক শিক্ষার্থী লালমনিরহাটে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন) মিলনায়তনে এই যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি নতুন যোগদানকারী শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে সক্রিয় অংশ নিতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র আজ সংকটে। শিক্ষার্থীদের ওপর অন্যায়, বৈষম্য ও দমন-পীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম।”
যোগদানকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সঙ্গে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।







