বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছেন।
রোববার (২ নভেম্বর) সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে পদত্যাগপত্র জমা দেন হাসান ইনাম।
পত্রে তিনি লেখেন, গত চার মাস ধরে নিষ্ঠার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন তিনি। সংগঠনকে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে তুলে ধরতে একদল কর্মঠ কর্মী নিয়ে কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
হাসান ইনাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে নানা পরিসরে কাজ করতে গিয়ে আমি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বোধ করছি। সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে কমিটি পুনর্গঠনের ঘোষণা দেখার পর মনে হয়েছে, এখন আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি আমার নেই। তাই স্বেচ্ছায় এ পদ থেকে সরে দাঁড়াচ্ছি।”
তবে তিনি জানান, জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে তার লড়াই অব্যাহত থাকবে। সংগঠনের কাজে তিনি অন্য কোনো পরিচয়ে বা বেনামে যুক্ত থাকতে চান বলেও উল্লেখ করেন।





