বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরপাড় গ্রামের অজোপাড়ায় তৈরি হয়েছে এক রঙিন দোতলা ডুপ্লেক্স, যা পুরো জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাইরে থেকে এটি যেন কাচের প্রাসাদ, তবে কাছে গেলে বোঝা যায়—এটি রঙিন প্লাস্টিকের বোতল দিয়ে নির্মিত। স্থানীয়রা ইতোমধ্যেই এটি ‘বোতল বাড়ি’ নামে ডাকছেন।

\r\n

৫ কক্ষবিশিষ্ট এই দোতলা বাড়ি তৈরি করেছেন স্থানীয় দন্ত চিকিৎসক পলাশ চন্দ্র বাড়ৈ। প্রথমে গ্রামবাসীরা বলেছিলেন, আবর্জনা দিয়ে বাড়ি টেকে না, তবে বোতলগুলো বালু ও সিমেন্ট দিয়ে ভরে দেয়াল তৈরি করার পর সকলের অবিশ্বাস কেটে গেছে।

\r\n

পলাশ জানিয়েছেন, এই প্রযুক্তি এসেছে জাপান থেকে। প্লাস্টিকের বোতল ব্যবহার করে তৈরি দেয়াল গরমে ঠান্ডা এবং শীতে গরম থাকে। ইটের তুলনায় এটি ৮০ গুণ বেশি শক্তিশালী এবং নির্মাণ খরচ প্রায় ৩০ শতাংশ কম। এছাড়া হাজার হাজার পরিত্যক্ত বোতল পুনর্ব্যবহার করে পরিবেশও রক্ষা করা গেছে।

\r\n

বাড়ি নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করেছেন গ্রামের রাজমিস্ত্রি কমল চন্দ্র। পুরো ডুপ্লেক্সে কোনো ইট ব্যবহার করা হয়নি। বোতলগুলো বালু দিয়ে ভরে সারি সারি সাজিয়ে দেওয়ালে বালু ও সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পুকুর ঘাট, প্রবেশদ্বার ও নলকূপের আশপাশও এই পদ্ধতিতে তৈরি করা হয়েছে।

\r\n

গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক যতিশ চন্দ্র বাড়ৈ বলেন, “বোতল বাড়ি প্রমাণ করেছে যে দূষণ সৃষ্টিকারী আবর্জনাও সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠতে পারে স্বপ্নের প্রাসাদ।” স্থানীয়রা এখন দূরদূরান্ত থেকে বাড়ি দেখতে আসছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করছেন।

\r\n

‘বোতল বাড়ি’ এখন গ্রামের কাছে শুধু একটি স্থাপত্য বিস্ময় নয়, এটি পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণের উদাহরণ হিসেবেও পরিচিত।