দেশে ব্যাংকিং খাতে কোটিপতি হিসাবের সংখ্যা আবারও বেড়েছে, তবে এসব অ্যাকাউন্টে মোট আমানত উল্টো কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোটি টাকার হিসাব দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টি। তিন মাসে নতুন যুক্ত হয়েছে ৭৩৪টি অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট বাড়লেও জমা কমেছে ৫ হাজার ৯২১ কোটি টাকা। জুন শেষে এসব হিসাবে মোট আমানত ছিল ৮ লাখ ৮ হাজার ৭৭ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২ হাজার ১৫৬ কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংক জানায়, এসব অ্যাকাউন্টের মালিক ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা—কোন বিভাগে কতটি রয়েছে তা প্রকাশ করা হয় না। আবার একজন গ্রাহকের একাধিক হিসাব থাকতে পারে। ফলে প্রকৃতপক্ষে কতজন কোটিপতি ব্যাংক গ্রাহক আছেন, সেটিও স্পষ্ট নয়।
ব্যাংক খাতের সঙ্গে যুক্তরা মনে করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আগের সরকারের সময় বহু ব্যবসায়ী তাদের কার্যক্রম বন্ধ রেখেছিলেন। এসব প্রতিষ্ঠান জমা রাখা অর্থ তুলে নেওয়ায় কোটিপতি অ্যাকাউন্টের আমানত কমেছে।
এ সময়ে সারাদেশে মোট ব্যাংক হিসাবের সংখ্যাও বেড়েছে। সেপ্টেম্বর শেষে দেশে হিসাব দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টি, যা জুন শেষে ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। তিন মাসে নতুন হিসাব খোলা হয়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।
সব ধরনের হিসাব মিলিয়ে মোট আমানত সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ১১৯ কোটি টাকা, যা জুনের তুলনায় ৩৪ হাজার ৫৩৬ কোটি টাকা বেশি।





