বিশ্ব ফুটবলের শীর্ষ পুরস্কার ব্যালন ডি’অর জেতার পর প্রথম শুভেচ্ছা পেয়েছেন উসমান দেম্বেলে, এবং সেই বার্তাটি এসেছিল লিওনেল মেসির কাছ থেকে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দেম্বেলে জানিয়েছেন, “প্রথমেই শুভেচ্ছা পাঠালেন মেসি। এরপর জাভি, লুইস সুয়ারেজসহ অনেক প্রাক্তন বার্সা সতীর্থও অভিনন্দন জানিয়েছেন।”
ছোটবেলা থেকে ব্যালন ডি’অরের স্বপ্ন থাকলেও দেম্বেলে কখনো এটি নিজের লক্ষ্য হিসেবে দেখেননি। তিনি বলেন, “লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা, এরপর যা আসে তা স্বাভাবিক।” বার্সেলোনায় কাটানো সময়ে ধারাবাহিক চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। ২০১৯–২০ মৌসুমে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন। দেম্বেলে বলেন, “ফুটবলে নিজের সামর্থ্য নিয়ে কখনো সন্দেহ করি না, তবে শরীরটা সাড়া দিচ্ছিল না। এখন ২৮ বছর বয়সে নিজের শরীরকে ভালোভাবে চিনি।”
গত মৌসুমে দেম্বেলের রূপান্তর চোখে পড়ার মতো ছিল। তিনি বলছেন, “উইঙ্গার থেকে ‘ফ্রি ফরওয়ার্ড’ হয়ে ওঠার সুযোগ পেয়েছি কোচ লুইস এনরিকের কারণে। আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন, মাঝে মাঝে ফালস নাইন হিসেবেও খেলি, জায়গা বের করার চেষ্টা করি, স্পেস খুঁজি।”
সমালোচনা ও ব্যর্থতার দিনগুলোকে পাত্তা না দেওয়ার কথাও জানালেন তিনি। “ক্ষমা করবেন, কিন্তু আমি পাত্তা দিইনি। যেভাবে কেউ ভেবেছে, সেটি তাদের ব্যাপার।”
দেম্বেলের মতে, ব্যালন ডি’অর কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং লড়াই, সংগ্রাম ও অধ্যবসায়ের পুরস্কার। এবং সেই প্রথম আলোকরশ্মি এসেছে তার পুরনো সতীর্থ লিওনেল মেসির কাছ থেকেই।





