সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য খুব শিগগিরই ঘোষণা করা হবে ব্রাজিল জাতীয় দল। প্রস্তুতি চলছে শেষ ধাপে, এরই মধ্যে প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
সূত্রমতে, এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক নেইমার জুনিয়রের ফেরা। প্রায় ২২ মাস পর ব্রাজিল জাতীয় দলে দেখা যেতে পারে এই ফরোয়ার্ডকে। সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন। তবে বিশ্বকাপ সামনে রেখে এবার আবারও হলুদ জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন তিনি।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র নিষেধাজ্ঞার কারণে এবারের দলে থাকছেন না। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। সেপ্টেম্বরে দুইটি ম্যাচ থাকলেও শুধুমাত্র বলিভিয়ার বিপক্ষে একটি ম্যাচের জন্য তাকে না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। বিশ্রামেই রাখা হবে এই উইঙ্গারকে।
প্রাথমিক দলে যারা জায়গা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন—
গোলরক্ষক: গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস)
ডিফেন্ডার: এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ভিতিনিও (বোতাফোগো), পাউলো হেনরিখ (ভাস্কো)
মিডফিল্ডার: মার্কোস আন্তোনিও (সাও পাওলো), দানিলো (বোতাফোগো)
ফরোয়ার্ড: নেইমার (সান্তোস), কাইও হোর্হে (ক্রুজেরিও), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)
আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে শুরু হবে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প। ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে চিলির সঙ্গে। এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার এল আল্টোতে খেলবে নিজেদের শেষ বাছাই ম্যাচ।
ইতিমধ্যেই ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মূল লড়াইয়ের প্রস্তুতি।





