খ্যাতিমান চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ তিনি গত ২৬ এপ্রিল থেকে সেখানে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ইলিয়াস কাঞ্চনের মাথার টিউমারের অবস্থান জটিল হওয়ায় সম্পূর্ণ অস্ত্রোপচার সম্ভব নয়। আংশিক অস্ত্রোপচারের পর রেডিয়েশন ও কেমোথেরাপি চলছে। চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী এই ধাপ ছয় সপ্তাহ চলবে, এরপর অন্তত আরও চার সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এ বছরের শুরুতে কথা বলায় সমস্যা ও স্মৃতিভ্রংশে ভুগতে থাকেন ইলিয়াস কাঞ্চন। ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার মাধ্যমে টিউমার ধরা পড়ে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ বলে মত দিলে তাকে লন্ডনে নেওয়া হয়।
লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।
দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়।





