ব্লুমবার্গের টেকসই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান। পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) সূচকের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। গত বছর তালিকায় ছিল ১০ প্রতিষ্ঠান, এবার নতুন করে যুক্ত হয়েছে আরও একটি।
\r\nসবচেয়ে বেশি নম্বর পেয়ে তালিকার শীর্ষে উঠেছে ব্র্যাক ব্যাংক। এর পরেই রয়েছে আইডিএলসি ফিন্যান্স ও সিটি ব্যাংক। প্রথমবারের মতো তালিকায় নাম তুলেছে সিটি ব্যাংক। তবে গতবার থাকা ম্যারিকো বাংলাদেশ এ বছর বাদ পড়েছে।
\r\nরিপোর্ট অনুযায়ী, গড়ে ৩.৮০ স্কোর পেয়ে শীর্ষে উঠেছে ব্র্যাক ব্যাংক। গত বছর তারা ছিল দ্বিতীয় অবস্থানে। গতবার শীর্ষে থাকা আইডিএলসি ফিন্যান্স এবার ৩.৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। নতুন অন্তর্ভুক্ত সিটি ব্যাংক ২.৬৪ পয়েন্ট পেয়ে রয়েছে তৃতীয় স্থানে। গত বছর তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন এবার ১.৮০ পয়েন্ট পেয়ে নেমে গেছে পঞ্চম স্থানে।
\r\nলাফার্জ হোলসিম বাংলাদেশ ১.৯১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে, যা গতবার ছিল ষষ্ঠ। অন্যদিকে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ গতবারের চতুর্থ থেকে নেমে এবার ১.৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। বিএসআরএম স্টিল ১.৪১ পয়েন্ট পেয়ে সপ্তম, গত বছর ছিল দশম।
\r\nমোবিল যমুনা বাংলাদেশ ১.৩২ পয়েন্ট নিয়ে আগের মতোই অষ্টম স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ১.০৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে অপরিবর্তিত। তবে ওয়ালটন বিডি ০.৯৭ পয়েন্ট পেয়ে সপ্তম থেকে নেমে গেছে দশম স্থানে। একই স্কোর নিয়ে মার্কেন্টাইল ব্যাংক প্রথমবারের মতো তালিকায় জায়গা করে নিয়েছে ১১তম স্থানে।





