বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের নতুন উদ্যোগের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এফডিসিতে তিনি বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাহফুজ আলম জানান, বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাওয়া তার স্বপ্ন। তিনি বলেন, “একের পর এক সিনেমা হল বন্ধ হওয়ায় প্রতিটি বড় শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, ভালো সিনেমার জন্য অনুদান দেওয়া হবে, আর বাণিজ্যিক বা অবাণিজ্যিক কোনও ভেদাভেদ থাকবে না। চলচ্চিত্রকে স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ইকো সিস্টেমে আনা হবে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তারা এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান। বক্তব্য রাখেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন ও চিত্রনায়ক বাপ্পারাজ। অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে।