জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, আন্দামান সাগরে একটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ প্রায় ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিকরা রয়েছেন।
বিবিসির বরাতে জানা যায়, বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী ট্রলারটি প্রচণ্ড বাতাস, উত্তাল সমুদ্র এবং অতিরিক্ত যাত্রীর কারণে দুর্ঘটনার শিকার হয়।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, গত ৯ এপ্রিল বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা নয়জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরে বেঁচে ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কোস্টগার্ড সদস্য জানান, তারা উন্নত জীবনের আশায় ৪ এপ্রিল বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। পরে ৭ বা ৮ এপ্রিল তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর যাত্রীরা প্রায় দুই দিন সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন। এ ঘটনায় নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
\r\nসূত্র: বিবিসি





