জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। হামলার পর টানা চার রাত ধরে দুই দেশের সীমান্ত এলাকায় নিয়মিত গুলিবিনিময়ের ঘটনা ঘটছে।

\r\n

সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে একতরফাভাবে দায়ী করে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে অন্যতম হলো দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা। সেই সঙ্গে পাকিস্তানের প্রতি সরাসরি হুমকি দিয়েছে ভারত।

\r\n

এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের প্রতি সর্বদলীয় সম্মেলন (এপিসি) আহ্বানের দাবি জানিয়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) সিনেট অধিবেশনে পিটিআইয়ের সিনেটর ব্যারিস্টার সৈয়দ আলী জাফর এ আহ্বান জানান। খবর জিও টিভির।

\r\n

ব্যারিস্টার জাফর বলেন, \"মোদি সরকারের নাটক জনগণ ভালোভাবেই জানে।\" তিনি ভারতের একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, \"এটি একটি আন্তর্জাতিক স্বীকৃত চুক্তি, যার একতরফা বাতিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।\"

\r\n

তিনি আরও বলেন, \"মোদি নেতৃত্বাধীন ভারতীয় সরকার ধ্বংসের পথে হাঁটছে। এখন জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতের উসকানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানানো প্রয়োজন।\"

\r\n

ভারতের সাম্প্রতিক পদক্ষেপের পর পাকিস্তানের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার গুরুত্ব অনুভব করছে। পিটিআই বলেছে, জাতীয় স্বার্থে দ্রুত সর্বদলীয় সম্মেলন আহ্বান করে কার্যকর কৌশল গ্রহণ করা জরুরি।