পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের বিমানবাহিনী প্রধানের ৬টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবিকে ‘অবিশ্বাস্য’ ও ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন।

ভারতের বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং দাবি করেন, তারা অন্তত পাঁচটি ফাইটার জেট ও একটি বড় নজরদারি বিমান ভূপাতিত করেছে। তিনি জানান, এসব বিমান রুশ-নির্মিত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হয়েছে এবং ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটা তাদের হামলার প্রমাণ। ভারতের দাবি, পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাবের বিমানঘাঁটিতে থাকা কয়েকটি এফ-১৬ এবং একটি নজরদারি বিমানও হামলার শিকার হয়েছে।

এই দাবির জবাবে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানি বিমান ধ্বংসের ভারতীয় বিমানবাহিনী প্রধানের বিলম্বিত দাবি অবিশ্বাস্য এবং সময়োপযোগী নয়।’ তিনি আরও বলেন, ‘ভারতের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা তাদের ব্যর্থতার পক্ষে মুখপাত্র হিসেবে কাজ করছেন যা ভারতের রাজনৈতিক কৌশলের ফল। পাকিস্তান আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে যেখানে স্বাধীন পর্যবেক্ষকরা ভারতের বিমান ক্ষতির কথা স্বীকার করেছেন।’

খাজা আসিফ জোর দিয়ে বলেন, ‘ভারত কোনো পাকিস্তানি বিমান ভূপাতিত করেনি, বরং পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান, এস-৪০০ সিস্টেম এবং ড্রোন ধ্বংস করেছে এবং ভারতীয় বিমানঘাঁটিগুলোকে অকার্যকর করেছে।’ তিনি উভয় দেশকে তাদের বিমানবহরের তালিকা স্বাধীন যাচাইয়ের জন্য উন্মুক্ত থাকার আহ্বান জানান এবং বলেন, ‘যুদ্ধ মিথ্যা দিয়ে জেতা যায় না, জেতা যায় নৈতিকতা, জাতীয় সংকল্প ও পেশাদারিত্বের মাধ্যমে।’

\r\n\r\n\r\n\r\n

তিনি এই দাবিকে ‘দেশের রাজনৈতিক প্রয়োজন মেটানোর জন্য রচিত হাস্যকর কল্পকাহিনি’ আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাব ভারতের কৌশলগত অন্ধ নেতৃত্বের ওপর বর্তাবে।