নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দলগুলো এই ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি জানিয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যেই ভারতে খেলতে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, “নিপা ভাইরাসের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আপাতত অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য কোনো প্রোটোকল পরিবর্তনের প্রয়োজন নেই, তবে আমরা সতর্ক রয়েছি।”

এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ইতোমধ্যেই স্ক্রিনিং শুরু হলেও অস্ট্রেলিয়া এখনই এয়ারপোর্টে অতিরিক্ত কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়নি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। সংক্রমণ এড়াতে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস ও পিপিই পরার কঠোর নির্দেশ দিয়েছে। বিশ্বজুড়ে ভাইরাসের ভয়াবহতা নিয়ে প্রচার শুরু হওয়ায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

পাকিস্তানি মিডিয়ার দাবি অনুযায়ী, ইংল্যান্ডের আপত্তির পর ইউরোপের অন্যান্য দেশও ভারতে খেলতে অনীহা দেখাচ্ছে। এই পরিস্থিতিতে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছে। মূলত ২০ দলের এই ইভেন্টের ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে হওয়ার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ কয়েক দিন আগে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি নাকচ করে দিয়েছিল।