ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।
নিহত পাইলটরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরগকর। বিমানবাহিনী এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিমানবাহিনীর কর্মকর্তারা জানান, যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখেন।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, দেশের প্রতি এই দুই পাইলটের অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
উল্লেখ্য, রাশিয়ার প্রযুক্তিতে তৈরি সুখোই এসইউ–৩০ এমকেআই ভারতের বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান, যা ১৯৯৭ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।





