ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে লিটন দাসকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নিয়মিত অধিনায়ককে ছাড়াই আজ মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে। যদিও দল তাকে নিয়েই একাদশ সাজানোর চেষ্টা করছে।
এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছেন লিটন। ব্যাট হাতে ভরসা জোগাচ্ছেন দলকে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সোমবার অনুশীলনে পাঁজরে চোট পান তিনি। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন লিটন। এরপর আর ব্যাট হাতে নিতে পারেননি, যদিও মাঠেই ছিলেন।
ম্যাচের দিন তাকে স্বাভাবিক দেখা গেলেও চোটের ব্যাপারে সরাসরি কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। শুধু জানিয়েছে, গুরুতর কিছু নয়। তবে এড়িয়ে যাওয়া মন্তব্যে বাড়ছে সংশয়। সমর্থকদের মনে প্রশ্ন—শেষ পর্যন্ত নামতে পারবেন তো লিটন?
তার অনুপস্থিতি বাংলাদেশকে বড় সমস্যায় ফেলতে পারে। কারণ প্রতিপক্ষ ভারত এখন পর্যন্ত এবারের এশিয়া কাপে অপরাজিত। শেষ ৩৫ ম্যাচের ৩২টিতেই জয় পেয়েছে তারা।
টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, লিটনের ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। টসের আগ পর্যন্ত নজর রাখা হবে তার অবস্থার ওপর। যদি খেলেনও, উইকেটকিপিং না করার সম্ভাবনা আছে। এ ক্ষেত্রে জাকির আলী অনিককে প্রস্তুত রাখা হয়েছে। আর যদি লিটন খেলতে না পারেন, তবে একাদশে ঢুকবেন নুরুল হাসান সোহান, তিনিই নেতৃত্বও দিতে পারেন।
সবকিছু পরিষ্কার হবে ম্যাচ শুরুর আগে রাত সাড়ে ৮টায়।





