লা লিগায় দুর্দান্ত ফর্মে রিয়াল মাদ্রিদ। শনিবার (৩০ আগস্ট) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। এ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে লস ব্লাঙ্কোরা।

ম্যাচের ১৮ মিনিটে কর্নার থেকে ভেদাত মুরিকির মাথায় লেগে বল জালে জড়ালে এগিয়ে যায় মায়োর্কা। তবে বেশি সময় লেগেনি রিয়ালের সমতায় ফিরতে। ৩৭ মিনিটে আলভারো কারেরাসের ক্রস থেকে ডিন হাউসেনের হেড পাসে গোল করেন আর্দা গিলের।

এর এক মিনিট পরই ফেদেরিকো ভালভের্দের পাস ধরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিকরা। পুরো ম্যাচে ৫৮ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১৭ বার শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। তবে আর কোনো গোল পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচে এক ড্র ও দুই হারে মাত্র ১ পয়েন্ট পাওয়া মায়োর্কা রয়েছে ১৮তম স্থানে। অন্যদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভিয়ারিয়াল এবং সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।