ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে খারাপ আবহাওয়ার কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ায় কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। নৌকাটির যাত্রীদের অধিকাংশই রাজধানী হ্যানয় থেকে আসা স্থানীয় ভিয়েতনামি পরিবার।


‘ওয়ান্ডার সিজ’ নামের নৌকাটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টির কারণে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও নৌবাহিনী। এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, “শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ আকাশ ঘন কালো হয়ে আসে। এরপর শুরু হয় প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাত।”


উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে নিখোঁজদের সন্ধানে রাতভর অভিযান চালানো হবে।

ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে।


অসাধারণ সাহসিকতার একটি ঘটনা জানিয়েছেন এক কর্মকর্তা—১৪ বছর বয়সী এক শিশু চার ঘণ্টা ধরে উল্টে থাকা নৌকার ভেতরে থাকা একটি এয়ার পকেটে আটকে ছিল। পরে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।


স্থানীয় হাসপাতালের পরিচালক লে নগক ডাং জানান, ১০ বছর বয়সী আরেক শিশু বাই চাই হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল।


ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সরকার জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হা লং বে কোয়াং নিন প্রদেশে অবস্থিত। শত শত দ্বীপপুঞ্জে ঘেরা এই এলাকা ২০১৯ সালে প্রায় ৪০ লাখ পর্যটকের গন্তব্য ছিল।