ঢাকাসহ সারাদেশে শুক্রবার সকালে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। নরসিংদীর মাধবদী থেকে উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার কম্পনে রাজধানীবাসী আতঙ্কে ছুটোছুটি করলেও আজহারী নিজের অভিজ্ঞতা তুলে ধরে এটিকে আত্মসমালোচনার একটি সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান।

নিজের পোস্টে তিনি লেখেন, ভূমিকম্পের সময় বিল্ডিং দুলে ওঠায় কয়েক মুহূর্তের জন্য তিনি স্তব্ধ হয়ে যান। তার মতে, কম্পন আরও কয়েক সেকেন্ড স্থায়ী হলে ভয়াবহ প্রাণহানি ঘটতে পারত।

আজহারী বলেন, অপরিকল্পিত নগরী, দুর্বল ভবন কাঠামো ও সীমিত দুর্যোগ প্রস্তুতির কারণে বড় বিপর্যয় এড়ানো যেত না। আল্লাহর দয়া ছাড়া বাঁচার উপায় নেই উল্লেখ করে তিনি মনে করিয়ে দেন, এমন দুর্যোগ মানুষের জন্য সতর্কবার্তা।

তিনি লিখেছেন, মানুষ স্বভাবে দুর্বল এবং ভূমিকম্প মানুষের অহংকার ভেঙে দেয়। এই ধরনের বিপর্যয় দেখিয়ে দেয়, সৃষ্টিকর্তার সামনে মানুষ কতটা অসহায়।

ভূমিকম্পে প্রাণহানির প্রসঙ্গ টেনে আজহারী বলেন, অনেকেই বিভিন্ন পরিকল্পনা নিয়ে বাসা থেকে বের হলেও আর ফিরে আসতে পারেননি। তাই জীবনের অনিশ্চয়তা উপলব্ধি করে সর্বদা প্রস্তুত থাকা এবং তওবার মাধ্যমে স্রষ্টার দিকে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষে তিনি কুরআনের বর্ণনা উল্লেখ করে বলেন, এই ভূমিকম্প কিছু নয়, কিয়ামতের দিনের প্রকম্পন তার চেয়েও ভয়াবহ হবে।