কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রাম অভিমুখী ‘ঢাকা মেইল-২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে রুটটির বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছেড়ে অল্প দূর অগ্রসর হওয়ার পর ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই রুটে ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত হয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, রাতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছায়। পরে সামনে অগ্রসর হওয়ার সংকেত পেয়ে জংশন থেকে প্রায় ১৫০ মিটার দূরে গিয়ে ইঞ্জিন থেকে চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রেনটি সরানো সম্ভব হয়নি। তবে বর্তমানে উদ্ধারকাজ চলছে এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।





