জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াত এখন বলছে, তাদের কথামতো না চললে ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো, ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। তাই তোমরা নির্বাচনের ভয় পাও।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “এলাকায় একটা এনসিপিও নেই। তাহলে তারা ভোট পাবে কীভাবে? এজন্যই তারা জামায়াতের সঙ্গে তাল মেলাচ্ছে। তারা পিআর চায়, কিন্তু জনগণ এসব বোঝে না। এটা শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা।”
তিনি আরও বলেন, “সংস্কারের নামে নয় মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরও যদি অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার দায় বিএনপি নেবে না—এই দায় সরকারের।”
বিএনপি মহাসচিব আরও জানান, ক্ষমতায় গেলে দলটি প্রথম ১৫ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। পাশাপাশি নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





