রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই মেয়েদের উপচে পড়া ভিড় দেখা গেছে ভোট কেন্দ্রগুলোতে।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন, সিরাজী ভবন ও ডিন’স কমপ্লেক্স – এই ৩টি কেন্দ্রে চলছে মেয়েদের ৬টি হলের ভোট গ্রহণ।
নির্বাচনের বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষকদের মাঝেও দেখা গেছে ভোট নিয়ে উচ্ছ্বাস। এদিকে শিক্ষার্থীদের অনেকেই এসেছেন জীবনের প্রথম ভোট দিতে।
ভোট দেওয়ার অনুভূতি প্রকাশ করে একজন শিক্ষার্থী জানান, এটাই আমার জীবনের প্রথম ভোট। খুবই ভালো লাগছে। ভিতরের পরিবেশ খুবই সুন্দর। যারা দায়িত্বে আছেন তারা খুব ভালোভাবে তাদের দায়িত্ব পালন করছেন। প্রত্যেকটা প্রসেস আমাদের জানানো হয়েছে যে কীভাবে কী করতে হবে। এছাড়া আমাদের প্রাইভেসিও রক্ষা করা হয়েছে।
অন্য আরেকজন শিক্ষার্থী বলেন, ভেতরে ভোটের পরিবেশ অনেক ভালো এবং উপস্থিতি অনেক বেশি। আমি এর আগে জাতীয় নির্বাচনে কখনো ভোট দেইনি। জীবনে প্রথম ভোট দিলাম। খুবই ভালো লাগছে।
ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সিরাজী ভবন কেন্দ্রে দায়িত্ব থাকা একজন প্রিজাইডিং অফিসার জানান, সবকিছু ঠিকঠাক চলছে। এখন পর্যন্ত কোনো সমস্যা দেখিনি। সবাই সিরিয়ালি আসছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আশা করছি শেষ পর্যন্ত এই ধারা বজায় থাকবে।





