ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। এটি ভোটাধিকার ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আত্মত্যাগের ফলাফল। এই নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমে শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে।


বুধবার (২৮ জানুয়ারি) খিলগাঁও এক নম্বর ওয়ার্ড জোড়পুকুরপাড় মাঠে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।


হাবিব বলেন, বাংলাদেশের মানুষ কষ্ট করে শ্রম দিয়ে দেশ গড়েছে। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অনেক সহযোদ্ধা জীবন দিয়েছেন। জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদিসসহ বহু মানুষ রক্ত দিয়েছেন।


তিনি উল্লেখ করেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বামী ও সন্তান হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন এবং মিথ্যা মামলায় কারাবরণ করেছেন।


হাবিবুর রশিদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি সর্বোচ্চ ভোট পড়ে এবং অংশগ্রহণমূলক হয়, তাহলে শহীদদের পরিবার শান্তি পাবে। তারা নিশ্চিত হতে পারবে যে, তাদের সন্তান জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ করেছে এবং দেশের মানুষ তাদের সম্মান জানিয়েছে।


এলাকার মানুষের সমস্যা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এই এলাকায় বসবাস করেন এবং অলিগলি ঘুরে সমস্যাগুলো দেখেন। তার বাসা সব সময় খোলা এবং মানুষ সরাসরি তাকে ডাকতে পারে। তিনি এলাকার সমস্যার সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে হাবিবুর রশিদ বলেন, তিনি প্রায় ৫৪ বছর বয়সী এবং দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তা খুঁজে দেখার জন্য তিনি প্রস্তুত। এলাকার মানুষ যদি তাকে ভালো মানুষ মনে করেন, তাহলে তার নেত্রী, দল ও শহীদ সহযোদ্ধাদের সম্মানে ভোট দেওয়ার অনুরোধ জানান।


তিনি আরও বলেন, একজন ব্যক্তি নিজের আত্মীয়স্বজন ও পরিচিতদের উদ্বুদ্ধ করলে একা ৫০–১০০ ভোট দিতে পারে। যদি আজ এখানে ২০০ জন উপস্থিত থাকেন, তাহলে তা ২০ হাজার মানুষের শক্তিতে রূপ নিতে পারে।


হাবিবুর রশিদ বলেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা’—এই বিশ্বাস নিয়েই তিনি রাজনীতি করেন। তিনি সকলকে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।


তিনি নিশ্চিত করেন, ভোটের সময় নয়, সব সময়ই তিনি এলাকায় উপস্থিত থাকবেন এবং রাস্তাঘাটে জনগণের সঙ্গে দেখা করবেন। ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।